বালিয়াকান্দিতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কঠুরাকান্দী চন্দনা ব্রিজের ওপর স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে মোঃ শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার। 

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন খন্দকার মশিউল আজম চুন্নু, মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, উত্তম কুমার দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকের আগ্রাসন থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে কেবল আইন প্রয়োগকারী সংস্থাই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত একটি সুস্থ-সুন্দর প্রজন্ম গড়তে প্রতিটি ঘরে ঘরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতামূলক কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।