‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

অনলাইন ডেস্কঃ
১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩১ এএম
শেয়ার করুন:
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত গভীর রাতে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 

গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। তবে কোন মামলায় বা সুনির্দিষ্ট কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে সাংস্কৃতিক অঙ্গনসহ দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে খোলা ওই গ্রুপটিতে আন্দোলন ও শিক্ষার্থীদের লক্ষ্য করে নেতিবাচক মন্তব্য করার অভিযোগ ওঠে বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে। ওই গ্রুপের সক্রিয় সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নাম প্রকাশ পেলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

পরবর্তীতে বিতর্কিত ওই গ্রুপে থাকার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। সেখানে তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না; বরং আন্দোলনের সময় ঢাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি সেখানে নিয়মিত আপডেট ও তথ্য দিতেন। কোনো শিল্পী মানুষ হত্যার মতো কর্মকাণ্ড সমর্থন করতে পারেন না বলেও তখন মন্তব্য করেছিলেন জ্যোতিকা জ্যোতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।