এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একবার বা দুবার নয়—প্রতিষ্ঠার পর থেকে ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের কবলে পড়েছে বিদ্যালয়টি। বারবার হারিয়েছে নিজস্ব জমি ও পাকা অবকাঠামো, বদলেছে ঠিকানা। কখনো নদীগর্ভে বিলীন হয়েছে শ্রেণিকক্ষ, কখনো বা বই-খাতা, বেঞ্চ আর গুরুত্বপূর্ণ নথি নিয়ে ছুটতে হয়েছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তবুও প্রতিকূলতার কাছে হার মানেনি পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়’। শত প্রতিকূলতা পেরিয়ে ১২ জন শিক্ষক-কর্মচারী ও প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে এখনো শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে দফায় দফায় ঠিকানা বদল আর অবকাঠামো হারিয়ে ক্লান্ত বিদ্যালয়টি এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্গম চরনাছিরপুর ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে বর্তমানে দুটি টিনের ঘরে চলছে বিদ্যালয়টির পাঠদান ও দাপ্তরিক কাজ। নিজস্ব সব জমি নদীতে বিলীন হয়ে যাওয়ায় বছরে মাত্র ৪ হাজার টাকা ভাড়ায় অন্যের জমিতে পরিচালিত হচ্ছে এটি। তবে যেভাবে নদী আবার কাছে চলে এসেছে, তাতে আগামী বছরও বিদ্যালয়টি এই ঠিকানায় টিকে থাকতে পারবে কি না—তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের নথি অনুযায়ী, ১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। নথিপত্রে দুবলার চরে ৭৪ শতাংশ এবং পাশের দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে থাকলেও, এর পুরোটাই এখন নদীগর্ভে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, *“চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় মানেই এক বছর এপাড়ে তো পরের বছর ওপাড়ে। ২০১৯ সাল থেকে বর্তমান জায়গায় ভাড়া জমিতে স্কুল চলছে। নদী যেভাবে ধেয়ে আসছে, তাতে আগামী বছর এখানে থাকা সম্ভব হবে কি না জানি না।”* তিনি গর্বের সঙ্গে জানান, প্রতিকূলতার মধ্যেও এখান থেকে বহু কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মাউশির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন, সচিব শামছুল আলম হিরন মিয়া, পিজি হাসপাতালের প্রশাসনিক পরিচালক মাসুদ উদ্দিন, সচিব নওফেল কাড়াল, মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, শোভা কাজী এবং বুয়েটের সহযোগী অধ্যাপক এস এম সায়েমসহ দেশের বহু প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।
তবে নদীভাঙন ও দুর্গম যোগাযোগের কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। কয়েক বছর আগেও যেখানে শিক্ষার্থী ছিল প্রায় ২৫০ জন, এখন তা নেমে এসেছে ১০০ জনে। প্রধান শিক্ষক জানান, ২০২৫ সালে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন উত্তীর্ণ হয়েছিল। আর ২০২৬ সালে মাত্র ৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ জন। দারিদ্র্য ও বারবার বাস্তুচ্যুত হওয়ার কারণেই শিক্ষার্থীরা ঝরে পড়ছে।
বিদ্যালয়ে ৩৬ বছর ধরে চাকরি করছেন নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী। স্মৃতিচারণ করে তিনি বলেন, *“চাকরিজীবনে ১১ বার স্কুলের ভাঙন দেখেছি। কয়েকবার শুধু আসবাবপত্র আর ফাইলপত্র সরাতে পেরেছি, ঘর নদীতে তলিয়ে গেছে।”* একইভাবে অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, তাঁর ১৪ বছরের চাকরিতে ৭ বার স্কুল ভাঙনের মুখে পড়ে। একবার ট্রলারে মালামাল সরানোর সময় দুটি নথির বস্তা নদীতে পড়ে নষ্ট হয়ে যায়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, “বর্ষাকালে কাদা-পানি মাড়িয়ে স্কুলে আসতে অনেক কষ্ট হয়। তবুও আমরা নিয়মিত আসার চেষ্টা করি।”
চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, “২২ বার ভাঙনের শিকার হয়েও শিক্ষক-শিক্ষার্থীরা মনোবল হারাননি। তবে চরাঞ্চলের অধিকাংশ মানুষ নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়ায় এবং বারবার বসতি বদলাতে গিয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে ঝরে পড়ছে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন জানান, নদীভাঙনের ঝুঁকির কারণে এখানে স্থায়ী অবকাঠামো তৈরি করা কঠিন। তবে ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ টাকা ব্যয়ে মেঝে পাকা ও দরজা-জানালা মেরামতের কাজ করা হয়েছে। এর আগে হাফেজ উদ্দিন কান্দিতে বিদ্যালয়ের একটি পাকা দোতলা ভবনও পদ্মা গিলে খেয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, “চরনাছিরপুর ও দিয়ারা নারিকেলবাড়িয়া—এই দুই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান এটি। নদীভাঙনের বিরুদ্ধে লড়াই করেই এটি টিকে রয়েছে। গত অর্থবছরে সংস্কারের বরাদ্দ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ওয়াশব্লক নির্মাণেও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে নদী খুব কাছাকাছি চলে আসায় ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়।”
স্থানীয় সচেতন মহলের মতে, চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি চরাঞ্চলের মানুষের টিকে থাকা ও স্বপ্নের প্রতীক। নদী সবকিছু কেড়ে নিলেও শিক্ষার বাতিটি নেভেনি। এই বাতিঘরকে চিরতরে নিভে যাওয়া থেকে বাঁচাতে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী সমাধানের দাবি তাঁদের।
অক্টোবর ৩১, ২০২৬
আগস্ট ১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।