সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগ কার্যালয়ে সভার অভিযোগ, পাল্টা বক্তব্য আ.লীগ সভাপতির

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৬:২০ পিএম
শেয়ার করুন:
সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগ কার্যালয়ে সভার অভিযোগ, পাল্টা বক্তব্য আ.লীগ সভাপতির

ফরিদপুরের সালথায় নিজেদের বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় এই অভিযোগ তোলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন।

সভায় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।

এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আনোয়ার হোসেন বিএনপিতে যোগ দেন এবং নির্বাচনে দলটির পক্ষে কাজও করেন। তবে পরবর্তী সময়ে তাঁদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক ধারা দেখা যাচ্ছে। তাঁরা নিজেদের বিএনপির পরিচয় দিয়ে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত অফিসে বসে সভা করছেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভক্ত করার চেষ্টা ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সভায় হুঁশিয়ারি দিয়ে যুবদলের এই নেতা বলেন, ‘যাঁরা বিএনপির পরিচয় দিয়ে আওয়ামী লীগের অফিসে মিটিং করেন, তাঁরা বিএনপির দরজায় আসবেন না। আপনারা নিজস্ব পরিচয় দিয়ে নিজস্ব অফিসে বসে বিএনপির রাজনীতি করেন।’ জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না উল্লেখ করে এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন কথা বলেছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই আনোয়ার হোসেন জাতীয় সংসদ নির্বাচনের আগেই শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আর সালথায় আওয়ামী লীগের কোনো অফিস নেই। যেটির কথা বলা হচ্ছে, সেটি মূলত মার্কেট পরিচালনার অফিস। সেখানে বিএনপির অনেক নেতাকর্মীও আসেন।’

এ সময় নিজেও দলবদলের ইঙ্গিত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমিও দ্রুত পদত্যাগ করে বিএনপিতে যোগদান করব। সেটা আগামীকালও হতে পারে, পরশুদিনও হতে পারে।’

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।