ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৬:১৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে ২১০ বোতল মাদক সিরাপ উদ্ধার, আটক ২

ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২১০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে। 

এসআরবি সূত্রে জানা যায়, ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসচালক আবু বক্কার সিদ্দিককে (৩৬) আটক করা হয়।

অপর এক অভিযানে ফরিদপুর রেলস্টেশনসংলগ্ন হাবেলী গোপালপুর এলাকা থেকে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদল (৫৫) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়।

এ ছাড়া কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় মুরলদহ স্কুল থেকে গঙ্গাবর্দী বেলি রোডগামী পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এসআরবি জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১০।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।