নগরকান্দায় প্রতিবন্ধীর ভাতার টাকা কর্মকর্তার বিকাশে, ফাঁস হতেই ফেরত দিয়ে ‘মিটমাট’

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় প্রতিবন্ধীর ভাতার টাকা কর্মকর্তার বিকাশে, ফাঁস হতেই ফেরত দিয়ে ‘মিটমাট’

ফরিদপুরের নগরকান্দায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর সরকারি ভাতার টাকা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তার ব্যক্তিগত বিকাশ নম্বরে জমা হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত প্রায় দুই বছর ধরে ভাতার টাকা ওই কর্মকর্তার হিসাবে জমা হচ্ছিল বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে সম্প্রতি টাকা ফেরত দিয়ে ঘটনাটি ‘মিটমাট’ করার চেষ্টা চালানো হয়।

ভুক্তভোগী কিশোরীর নাম হাবিবা। সে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তার প্রতিবন্ধী পরিচয়পত্র অনুযায়ী সরকারি নিয়মে ভাতার টাকা নিয়মিত পাওয়ার কথা ছিল।

হাবিবার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতার কোনো টাকা তাদের কাছে পৌঁছাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ভাতার টাকা কিশোরীর কোনো হিসাবে না গিয়ে লস্করদিয়া ইউনিয়নের সমাজসেবা কর্মকর্তা ইবাদত খন্দকারের ব্যক্তিগত বিকাশ নম্বরে জমা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর পরিবারের পক্ষ থেকে ওই কর্মকর্তার কাছে টাকা দাবি করা হয়। পরে চাপের মুখে তিনি ভাতার সমপরিমাণ টাকা ফেরত দিতে বাধ্য হন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমাজসেবা কর্মকর্তা ইবাদত খন্দকার অর্থ ফেরতের বিষয়টি এড়িয়ে না গিয়ে বলেন, “ভুক্তভোগী পরিবারের সঙ্গে যে বিষয়টি হয়েছিল, তা কথা বলে মিটমাট করে নেওয়া হয়েছে।”

এদিকে সরকারি ভাতার টাকা কীভাবে উপকারভোগীর পরিবর্তে সরাসরি একজন সমাজসেবা কর্মকর্তার ব্যক্তিগত বিকাশ হিসাবে গেল, তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা না দিয়ে, এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ব্যাপারে আপনি নিউজ করে দেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।