আগৈলঝাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা

বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে এবং সুকণ্ঠ ঘটকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সঞ্জয় কুমার গুপ্ত। 

প্রধান অতিথির বক্তব্যে সঞ্জয় কুমার গুপ্ত বলেন, “ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।” এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের স্মৃতি স্মরণ করেন।

সভায় বিশেষ বক্তা হিসেবে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।” কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। এছাড়া সড়ক নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে হেলমেটবিহীন চলাচল, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মোটরসাইকেলে তিন আরোহী বহনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক ফারুক আকন, উপজেলা ইসকন মন্দিরের সভাপতি সুকুমার মজুমদার এবং বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কর্মকার, অনিমেষ হালদার ও খোকন চৌধুরী প্রমুখ।

এ সময় আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আকাশ মাহমুদ, সদস্য ওমর সানি, আশরাফ উদ্দিন, শাহাদাত হোসেন চৌধুরীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।