১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

অনলাইন ডেস্কঃ
২৫ অক্টোবর, ২০২৬ ৪:৫৭ পিএম
শেয়ার করুন:
১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে ধরা

১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা দুই দশক (২০ বছর) ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মো. হুমায়ূন কবিরের (৫২)। নানা কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়েছেন তিনি। 

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানা-পুলিশ। পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার হুমায়ূন কবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের প্রয়াত আনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ূন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন আগের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দণ্ডবিধির ৩০৭ (হত্যাচেষ্টা) ও ৩২৬ (মারাত্মক আঘাত) ধারার দুটি মামলায় বিজ্ঞ আদালত তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সাজা ভোগ থেকে বাঁচতে তিনি পরিচয় ও অবস্থান বদলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, সাজাপ্রাপ্ত হুমায়ূন কবির দীর্ঘ প্রায় ২০ বছর পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।