জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:১৪ পিএম
শেয়ার করুন:
জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মাথায় এবার ছোটপর্দার পরিচিত অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। 

আটকের কারণ সম্পর্কে পরবর্তীতে ডিবির এই কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক অভিযোগ রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এবং এ বিষয়ে তমাল মাহবুবের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

এর আগে গত বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপটির বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হলে দেখা যায়, সেখানে যুক্ত থাকা বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক ও নেতিবাচক মন্তব্য করেছিলেন। সেই গ্রুপে জ্যোতিকা জ্যোতির নামও অন্তর্ভুক্ত ছিল।

শিক্ষকতা থেকে অভিনয়ে তমাল মাহবুব 
অভিনয়জগতে আসার আগে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে নানার বাড়িতে তাঁর জন্ম হলেও তাঁর শৈশব-কৈশোর কেটেছে ঢাকার আজিমপুরে। 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পড়াশোনা শেষে ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। পরবর্তীতে শাহবাগের আজিজ সুপার মার্কেটে আড্ডার সূত্র ধরেই বিনোদন অঙ্গনে তাঁর যোগাযোগ তৈরি হয়। ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে অভিনয়ে তমাল মাহবুবের অভিষেক ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।