নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৮ নভেম্বর, ২০২৬ ১:৫৫ পিএম
শেয়ার করুন:
নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, পদ ছাড়তে পারেন ৫ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জেরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অস্থিরতা দেখা দিয়েছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর এবার ট্রাম্পের মন্ত্রিসভায় বড় ধরনের ভাঙনের গুঞ্জন উঠেছে। পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত চার থেকে পাঁচজন শীর্ষ মন্ত্রী পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট। একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পও।

কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতছাড়া ও প্রশাসনে অস্থিরতা  
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ব্যবধানে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। নির্বাচনী এই বিপর্যয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই ট্রাম্প প্রশাসনের অন্দরে তীব্র অসন্তোষ ও বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী প্রশাসন ছাড়ার পরিকল্পনা করছেন। 

রুবিওর পদত্যাগের নেপথ্যে ২০২৮-এর সমীকরণ 
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদত্যাগের সম্ভাবনার সঙ্গে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সমীকরণ গভীরভাবে জড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপাবলিকান পার্টির পরবর্তী মনোনয়ন দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে দাঁড় করাতে চাইছেন রুবিও। প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের দায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের ওপর রেখে নিজের রাজনৈতিক অবস্থানকে নিরাপদ রাখতেই রুবিও পদত্যাগের পথ বেছে নিতে পারেন।

ইরান যুদ্ধ নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন  
নির্বাচনী পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে দেখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের একাংশের ধারণা, ভ্যান্স এই ব্যর্থতার দায় থেকে নিজেকে দূরে রেখে যুদ্ধপন্থি কট্টর কর্মকর্তাদের দিকে আঙুল তুলছেন। বিশেষ করে, শুরু থেকেই ইরান যুদ্ধের পক্ষে শক্ত অবস্থান নেওয়া মার্কো রুবিওকে এই পরিণতির জন্য কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন তিনি।

চাপে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ 
বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভায় সবচেয়ে বেশি চাপে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকা এবং তার জেরে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় ধরনের ক্ষতির জন্য হেগসেথকেই সরাসরি দায়ী করছেন ট্রাম্পের মিত্ররা। রিপাবলিকান পার্টির এক শীর্ষ নেতার দাবি, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়তে হতে পারে হেগসেথকে।

রদবদলের স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের  
মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তনের স্পষ্ট আভাস দিয়েছেন। ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর তাঁর মন্ত্রিসভা থেকে "খুব অল্প কয়েকজন" হয়তো দায়িত্ব ছাড়তে পারেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।