কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি

অনলাইন ডেস্কঃ
৮ নভেম্বর, ২০২৬ ২:১৯ পিএম
শেয়ার করুন:
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে একটি চক্রের ‘পরিকল্পিত নাশকতা’ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিসি আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। নাশকতায় জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরাও রয়েছেন।

তিনি বলেন, “ঘটনাগুলো পর্যালোচনা করে পুলিশের প্রাথমিক ধারণা—একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ধারাবাহিক নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক তৈরি করতে চাইছে। এ বিষয়ে আমাদের বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সমন্বয় করে পুলিশ মোতায়েন এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে।”

ককটেল তৈরির সরঞ্জাম ও বাসে আগুন দেওয়ার দাহ্য পদার্থের উৎস সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, রাজধানীতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে কেউ যেন বিস্ফোরক তৈরির উপাদান বা দাহ্য পদার্থ কেনাবেচা করতে না পারে, সেজন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরদারি বাড়িয়েছে। অতীতেও এমন ঘটনায় জড়িতদের বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়েছিল।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, আতঙ্ক দূর করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।