ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৮ নভেম্বর, ২০২৬ ১:১৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমবায় মেলার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং সমবায় মেলার বিভিন্ন স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরবর্তীতে শিশু একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সভায় মূল প্রবন্ধ ও স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাবেক জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ওমর আলী খান এবং ডা. জ্যোতির্ময় চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকা অনস্বীকার্য। সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সাধারণ মানুষকে এই কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। বক্তারা প্রান্তিক মানুষের কল্যাণে সমবায়ের মাধ্যমে একটি টেকসই ও সহায়ক বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, নাজিমুদ্দিন লেলিন, সালমা খানম ও আরিফ খানসামা।

আলোচনা সভা শেষে সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জেলার তিনটি সেরা সমবায় সমিতি—আদর্শ বণিক সমবায় সমিতি, শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড ও দারিদ্র্য দূরীকরণ সমবায় সমিতিকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আবদুর রহমান লালটুর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সমবায় বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।