কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:০০ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নেন সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল। সেখানে তিনি ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রেখে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত শেষে একই দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ছিল।

অন্যদিকে, ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির কারণে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, “পৃথক দুটি অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।”

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।