এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ যেকোনো উৎসব—উদযাপনে এখন কেক অপরিহার্য এক অনুষঙ্গ। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতেও এসেছে বদল; বেকারির কৃত্রিম স্বাদের চেয়ে জনপ্রিয়তা পেয়েছে ঘরে তৈরি (হোমমেড) নান্দনিক ও স্বাস্থ্যকর কেক। আর এই চাহিদাকে কাজে লাগিয়ে ফরিদপুরে গড়ে উঠেছে নারী উদ্যোক্তাদের এক নতুন দিগন্ত। রান্নাঘরের সাধারণ পরিধি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় এখন জেলার শতাধিক নারী সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
কেউ পড়াশোনার পাশাপাশি, কেউ সংসারের যাবতীয় দায়িত্ব সামলে, আবার কেউ অন্যদের প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন। ফেসবুকভিত্তিক বিভিন্ন পেজ ও গ্রুপকে কাজে লাগিয়ে এসব নারী উদ্যোক্তার কারও কারও মাসিক বিক্রি এখন কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে।
পড়াশোনার পাশাপাশি মা-মেয়ের উদ্যোগ
ফরিদপুরের এমনই এক সম্ভাবনাময়ী উদ্যোক্তা তাবাসসুম হোসাইন তিথলি। স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার অবসর সময়ে মা শামীমা নাসরিনকে সঙ্গে নিয়ে কেক ও ফ্রোজেন ফুড তৈরির কাজ শুরু করেন। শুরুতে পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কাজের গুণমান দেখে দ্রুত প্রশংসা পেতে থাকেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে বাণিজ্যিকভাবে অর্ডার নেওয়া শুরু করেন মা-মেয়ে। বর্তমানে তাঁদের মাসিক কেক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার টাকায়।
তিথলি বলেন, "পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা থেকেই কাজটির শুরু। মায়ের সার্বিক সহযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি। গ্রাহকদের ইতিবাচক সাড়া আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এই ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই।"
সংসার সামলে মাসে লাখ টাকার ব্যবসা
তিন সন্তানের জননী আয়শা সিদ্দিকা স্মৃতি প্রমাণ করেছেন, সদিচ্ছা ও পারিবারিক সহযোগিতা থাকলে গৃহিণী থেকেও সফল হওয়া সম্ভব। সংসারের সব কাজ সামলে নিজের একটি স্বাধীন পরিচয়ের খোঁজে অনলাইনে কেক বিক্রির উদ্যোগ নেন তিনি। শুরু থেকেই পাশে পেয়েছিলেন স্বামীকে—উপকরণ সংগ্রহ থেকে শুরু করে ডেলিভারি ও ব্যবসায়িক পরামর্শে স্বামীর উৎসাহ তাঁর পথচলাকে সহজ করেছে।
স্মৃতি জানান, পরিচিতদের গণ্ডি পেরিয়ে অনলাইনে অর্ডার বাড়তে থাকায় এখন তাঁর মাসিক কেক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ টাকায়। তাঁর ভাষায়, "সংসারের কাজের ফাঁকে নিজের উপার্জনে পরিবারকে সহযোগিতা করতে পারাটা পরম শান্তির। ক্রেতাদের সন্তুষ্টিই আমার ব্যবসার মূল চালিকাশক্তি।"
প্রশিক্ষণ দিয়ে নতুনদের পথ দেখাচ্ছেন রত্না
নিজে সফল হওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন অভিজ্ঞ কেক প্রস্তুতকারক নিলুফা ইয়াসমিন রত্না। পেশাদারিত্ব ও বড় পরিসরের অর্ডারের জন্য এলাকায় তিনি বেশ সুপরিচিত। একদিনে সর্বোচ্চ ১০০ পাউন্ড কেক তৈরি করে প্রায় ৫০ হাজার টাকা বিক্রির রেকর্ড রয়েছে তাঁর। এছাড়া এককভাবে ৬০ পাউন্ড ওজনের বিশালাকার কেক বানিয়েও তাক লাগিয়েছেন তিনি।
নিজের অভিজ্ঞতা থেকে নতুনদের নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছেন রত্না। তিনি বলেন, "কেক তৈরি কেবল ব্যবসাই নয়, এটি একটি শিল্প ও সৃজনশীলতা। সঠিক প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত উপকরণ এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে যে কেউ এই পেশায় ভালো করতে পারেন। আমি চাই অন্য নারীরাও ঘরে বসে আয়ের পথ খুঁজে পাক।"
শখ থেকে আয়ের পথ
গৃহিণী রহিমা সুলতানা রিদি প্রথমে কেবল পরিবারের সদস্যদের আনন্দ দিতেই কেক বানাতেন। ধীরে ধীরে দক্ষতার উন্নতি হলে পরিচিতদের অনুরোধে বাণিজ্যিক রূপ দেন নিজের শখকে। বর্তমানে ঘরে বসেই নিয়মিত কেক সরবরাহ করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন তিনি। রিদি মনে করেন, দৃঢ় ইচ্ছা আর ধৈর্য থাকলে যেকোনো নারী রান্নাঘর থেকেই ক্ষুদ্র পরিসরে ব্যবসা গড়ে তুলতে পারেন।
বিসিকের সহায়তা ও পরামর্শ
নারী উদ্যোক্তাদের এই ইতিবাচক জাগরণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির ফরিদপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বলেন, "নারীরা অল্প পুঁজিতে ঘরে বসে দক্ষতাকে কাজে লাগিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা প্রশংসনীয়। এসব উদ্যোগকে টেকসই করতে বিসিকের আওতায় নিবন্ধনের সুবিধা রয়েছে, যার মাধ্যমে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন।"
তিনি আরও জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ও আধুনিক ব্যবসা পরিচালনার জন্য বিসিক নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া ব্যবসা সম্প্রসারণের জন্য যোগ্যতার ভিত্তিতে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগও রয়েছে। তবে তিনি খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধার কারণে ঘরে তৈরি খাবারের বাজার এখন অনেক বড়। সরকারি সহায়তা, সহজ ঋণ ও আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে রান্নাঘর থেকে শুরু হওয়া এই ছোট ছোট উদ্যোগগুলো আগামী দিনে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।