গেন্ডারিয়ায় গোলাগুলি: উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন-গোলাবারুদ

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২ পিএম
শেয়ার করুন:
গেন্ডারিয়ায় গোলাগুলি: উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন-গোলাবারুদ

পুরান ঢাকার গেন্ডারিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ ও গোলাগুলির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, লুণ্ঠিত ম্যাগাজিনসহ গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের একটি ম্যাগাজিনও রয়েছে।

আজ রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

র‍্যাব জানায়, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পথচারী আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) এবং স্থানীয় এক চা-দোকানি আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। 

ঘটনাটির পর র‍্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করা হয়। অভিযানের ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় মোহাম্মদ শাহীনকে (৩৪)। 

সর্বশেষ বুধবার পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিমকে (১৮) গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার শাবাবের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২টি গুলি, ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলন-পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে শনাক্ত করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার শাবাব হোসেন যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ তাদের হাতে কীভাবে পৌঁছাল, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।