শাহজালালের মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণালংকারসহ বিদেশি মুদ্রাও

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪ এএম
শেয়ার করুন:
শাহজালালের মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণালংকারসহ বিদেশি মুদ্রাও

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ঐতিহাসিক ‘ডেগ’ ও নতুন দানবাক্সগুলো খুলে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। বাংলাদেশি টাকার পাশাপাশি দানবাক্সে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা গণনার কাজ শুরু হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম শেষ হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

মাজার কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, টাকার পাশাপাশি দানবাক্সে ১ ভরি ৯ আনা ২ রতি ওজনের স্বর্ণালংকার পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে—৮ মার্কিন ডলার, ৩০ দশমিক ১০ ইউরো, ৫ ব্রিটিশ পাউন্ড, ওমানের ৯০৩ রিয়াল, সৌদি আরবের ৯৯ দশমিক ২৫ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দশমিক ২৫ দিরহাম, কাতারের ২১ দশমিক ৫০ রিয়াল, বাহরাইনের শূন্য দশমিক ২৫ দিনার ও ইরাকের ১ দিনার। পাশাপাশি ভারতীয় ৩ হাজার ৯৫৪ রুপি, ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, চীনের ১৫ ইউয়ান, থাইল্যান্ডের ৫ বাথ এবং পাপুয়া নিউগিনির ৫০ কিনা পাওয়া গেছে।

নগদ টাকা ছাড়াও ভক্ত ও দর্শনার্থীদের পক্ষ থেকে দান হিসেবে ৬টি গরু ও ১১১টি ছাগল পাওয়া যায়। আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রাপ্ত পশুর মধ্যে ৫টি গরু ও ৭০টি ছাগল মাজারের ঐতিহ্যবাহী লঙ্গরখানার খাবারের জন্য জবাই করা হয়েছে। ৪০টি ছাগল বিক্রি করে পাওয়া অর্থ লঙ্গরখানার কর্মচারীদের মজুরি হিসেবে প্রদান করা হয়। এ ছাড়া অসহায় ও দরিদ্র পরিবারের দুই তরুণীর বিয়ের উপহার হিসেবে একটি গরু ও একটি ছাগল দান করা হয়েছে।

মাজার কর্তৃপক্ষ জানায়, মাজারের দান ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৬ জুন ১৩ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনা করা হচ্ছে। 

হিসাব অনুযায়ী, এটি ছিল চতুর্থ দফার গণনা। এর আগে প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গিয়েছিল। আগের তিন দফায় মোট এক কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা সংগ্রহ হয়েছিল। সব মিলিয়ে চার দফায় শাহজালালের মাজার থেকে মোট প্রাপ্ত দানের পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।