বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব বাংলাদেশে

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৫ পিএম
শেয়ার করুন:
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব বাংলাদেশে

টিকা কার্যক্রমে বড় ধরনের ঘাটতি ও সরবরাহ সংকটের কারণে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে বর্তমানে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী হাম ও এর উপসর্গে অন্তত ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজারের বেশি সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। 

সংকটের মূল কারণ
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৪ ও ২০২৫ সালে দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে টিকাদানে দীর্ঘমেয়াদি ঘাটতি তৈরি হয় এবং বিপুলসংখ্যক শিশু হামের সুরক্ষাবলয়ের বাইরে থেকে যায়। এছাড়া টিকাদান কর্মসূচিতে পর্যাপ্ত নজরদারির অভাব এবং টিকা সংগ্রহ নীতিতে আকস্মিক পরিবর্তন সংকটকে আরও ঘনীভূত করেছে।

সম্প্রতি সংসদে স্বাস্থ্যমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হুসাইন জানান, টিকা ক্রয়ের নীতিমালায় পরিবর্তনের কারণে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছিল। এর ওপর ২০২৪ সালে একটি নিয়মিত টিকাদান কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তী বছর (২০২৫) দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাতিল করা হয়। ফলে লাখ লাখ শিশু টিকার আওতার বাইরে রয়ে যায়।

আন্তর্জাতিক উদ্বেগ ও সুপারিশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, টিকাদানের ধারাবাহিকতা ভেঙে পড়াই বর্তমান প্রাদুর্ভাবের প্রধান কারণ। বিগত বছরগুলোতে হাম নিয়ন্ত্রণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যে সাফল্য দেখিয়েছিল, সাম্প্রতিক এই সংকটে তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে অবিলম্বে টিকার সংকট দূর করতে হবে। একই সঙ্গে দ্রুত দেশব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করে বাদ পড়া প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন তারা।

এক নজরে পরিস্থিতি:
মোট মৃত্যু: ১,০০২ জন (১৫ মার্চ – ৯ সেপ্টেম্বর)।
হাসপাতালে ভর্তি: ১ লাখ ৪৬ হাজারের বেশি।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী: আক্রান্তদের প্রায় ৮০ শতাংশই ৫ বছরের কম বয়সী শিশু।
আন্তর্জাতিক অবস্থান: সিডিসির তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বে সর্বোচ্চ হামের প্রাদুর্ভাব বাংলাদেশে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।