প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে মুক্ত কুষ্টিয়ার সেই শিক্ষক, বাড়ি পৌঁছে দিল পুলিশ

অনলাইন ডেস্কঃ
১ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে মুক্ত কুষ্টিয়ার সেই শিক্ষক, বাড়ি পৌঁছে দিল পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্য করার অভিযোগে আটক হওয়া সেই স্কুলশিক্ষককে সসম্মানে মুক্তি দিয়েছে পুলিশ। একই সাথে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে তাঁকে নিরাপদে নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে ওই শিক্ষকের করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। 

মুখপাত্র মাহদী আমিন জানান, গণমাধ্যমের মাধ্যমে শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন। এরপরই তিনি ওই শিক্ষককে অবিলম্বে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পরই পুলিশ তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রীর অবস্থান ব্যাখ্যা করে মাহদী আমিন আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মনে করেন—মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশের অধিকার রয়েছে। কারও মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত। ভিন্নমত ও বাকস্বাধীনতার প্রতি এই শ্রদ্ধাবোধই মূলত গণতন্ত্রের মূল শক্তি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিই একটি সমাজকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে তুলবে বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।