৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে: সংসদে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
Apr 8, 2026 - 14:09
৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে: সংসদে প্রধানমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে আমরা বাধ্যতামূলক করতে চাই। আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।’ মাদরাসা শিক্ষাকে আরও উন্নত করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে সরকার দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ইন্টারনেট সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদান করবে। প্রধানমন্ত্রী জানান, আইসিটি বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি ও পাইথন প্রোগ্রামিংয়ের মতো আধুনিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষাকে ‘জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সরকার শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।’ এই পরিকল্পনার আওতায় চলতি অর্থবছরে ২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সব উপজেলায় ‘স্কুল ফিডিং’ বা মিড ডে মিল কার্যক্রম চালু হবে।

সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে একটি গুণগত ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতে তার সরকার কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow