শতকোটি টাকা খুইয়ে পুলিশে ফিরছে আগের পোশাক

অনলাইন ডেস্কঃ
Feb 28, 2026 - 15:59
শতকোটি টাকা খুইয়ে পুলিশে ফিরছে আগের পোশাক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশের বিতর্কিত ইমেজ কাটাতে বাহিনীটির পোশাকে পরিবর্তন এনেছিল অন্তর্বর্তী সরকার। তবে নতুন পোশাকের রং ও মান নিয়ে চরম অসন্তোষ এবং প্রবল বিরোধিতার জেরে শতকোটি টাকা গচ্চা দিয়ে আবারও পুরোনো পোশাকেই ফিরে যাচ্ছে পুলিশ। সরকারের হাইকমান্ড থেকে ইতিমধ্যে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, নতুন এই পোশাক পরিবর্তনের পেছনে অন্তত শতকোটি টাকা খরচ হয়েছে। অভিযোগ রয়েছে, সাবেক দুজন উপদেষ্টা, সাবেক এক পুলিশ কর্মকর্তা এবং পুলিশের ভেতরের প্রায় এক ডজন কর্মকর্তার একক সিদ্ধান্তে অনেকটা জোর করেই এই পোশাক চাপিয়ে দেওয়া হয়েছিল। মূলত পুলিশের কেনাকাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী সিন্ডিকেট নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে এই উদ্যোগ নেয়। নতুন এই পোশাক তৈরি করা হয়েছে রুচিহীন রং ও নিম্নমানের কাপড় দিয়ে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশসহ পর্যায়ক্রমে সারা দেশে লৌহ রঙের নতুন এই পোশাক প্রবর্তন করা হয়। তবে পোশাকটি নিয়ে কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকের মতে, বর্তমান পোশাকটি দেখলে বাসা বা কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড বলে মনে হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রহরীদের পোশাকের সঙ্গে এর ব্যাপক মিল থাকায় পুলিশ সদস্যদের আলাদা করে চেনা কঠিন হয়ে পড়ে। 

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোরালো দাবি জানায়। তাদের দাবি, মাঠপর্যায়ের কোনো মতামত না নিয়েই তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

পোশাক পরিবর্তনের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, “শুধু পোশাকের রং বদলালে পুলিশের মানসিকতার পরিবর্তন হবে না। জুলাই আন্দোলনে পুলিশকে যেভাবে মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, তার জন্য পোশাক দায়ী নয়। আমার মতে, আগের পোশাকেই পুলিশের ঐতিহ্য রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো পুলিশ সদস্যদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং স্বাধীনভাবে কাজ করতে দিলেই কেবল তাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন সম্ভব।” 

সংশ্লিষ্টরা মনে করছেন, জনবান্ধব ও পেশাদার পুলিশ গড়ে তুলতে হলে সবার আগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা প্রয়োজন। বেআইনি আদেশে ‘না’ বলা শিখতে পারলেই কেবল পুলিশের মর্যাদা বৃদ্ধি পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow