সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

অনলাইন ডেস্কঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৯ পিএম
শেয়ার করুন:
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

মাঠপর্যায়ের ভূমিসেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক ডিভাইসে উপস্থিতি নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। নির্দেশনায় সব জেলা প্রশাসককে (ডিসি) নিজ নিজ জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অবিলম্বে বায়োমেট্রিক ডিভাইস স্থাপন এবং এর কার্যকর ব্যবহার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অফিসে আধুনিক কর্মপরিবেশ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্সের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই মাঠপর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া সময়মতো সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি অত্যন্ত জরুরি। এ কারণে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং তা নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

চিঠির মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি জোরদার হওয়ায় সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজ হবে এবং ভূমি অফিসের জবাবদিহি নিশ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।