নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’: বিক্ষোভ মিছিল ও পথসভা

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
১ নভেম্বর, ২০২৬ ১১:২৪ এএম
শেয়ার করুন:
নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’: বিক্ষোভ মিছিল ও পথসভা

‘তেঁতুলিয়া থেকে টেকনাফ, দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও নোয়াখালী জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান। পরে তাঁদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, ভাষাশহীদ আবদুস সালাম হল, আবদুল মালেক উকিল হল, হযরত বিবি খাদিজা হল, শান্তিনিকেতন, কেন্দ্রীয় গ্যারেজ, জুলাই শহীদ স্মৃতি হল ও কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা—‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আবু সাঈদ ও আবরার ফাহাদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর—গুম-খুন নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ক্যাম্পাসে দলীয়করণের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে **তিন দফা দাবি** তুলে ধরা হয়। দাবিগুলো হলো—  
১. শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।  
২. গণভোটের গণরায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা।  
৩. জুলাই অভ্যুত্থান, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করা।  

পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আমরা তিন দফা ন্যায়সঙ্গত দাবি নিয়ে এই পদযাত্রা শুরু করেছি। আমরা জানি, হাদি হত্যার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতা রয়েছে। বিএনপির এতে কোনো সংশ্লিষ্টতা নেই; তবে তারা কেন এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে জোরালো ভূমিকা রাখছে না, তা আমাদের বোধগম্য নয়।’  

বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বিচারব্যবস্থা কাগজে-কলমে স্বাধীন হলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এখানে ন্যায়বিচার নিশ্চিত হয় না—এটাই বাস্তবতা। সাধারণ মানুষ যখন আমাদের কাছে এসে হাদি হত্যার বিচার দাবি করে, তখন এই দাবির ভার কতটা গভীর, তা আমরা উপলব্ধি করতে পারি।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদির প্রতি ভালোবাসা এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা এ কর্মসূচিতে শামিল হয়েছেন, সেই স্বপ্নপূরণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণরুম-গেস্টরুম সংস্কৃতির অবসানসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ 

প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার এখনো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বদলে বদলি করা হচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায়কে উপেক্ষা করা হচ্ছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি কোনো বিশেষ রাজনৈতিক দলের নয়, এটি এ দেশের আপামর জনতার দাবি। সরকারকে অবশ্যই এসব গণদাবি বাস্তবায়ন করতে হবে। এটি অত্যন্ত দুঃখজনক যে, একটি স্বাধীন দেশে একজন নাগরিক হত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষকে রাস্তায় ঘুরতে হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।