সোনাইমুড়ীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১ নভেম্বর, ২০২৬ ৮:৫৩ পিএম
শেয়ার করুন:
সোনাইমুড়ীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন পাওয়ায় এলাকায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে সোনাইমুড়ী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “নবগঠিত এই কমিটির মাধ্যমে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।” একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন তারা। 

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের সন্ত্রাস, দখলদারত্ব ও অপকর্মের বিরুদ্ধে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও জানান তারা।

দলের চরম দুঃসময়ে মাঠে থাকা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করায় বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে সমবেত হতে থাকেন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।