ভাঙ্গায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: শিক্ষক বরখাস্ত, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১ নভেম্বর, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: শিক্ষক বরখাস্ত, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুরের ঐতিহ্যবাহী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন সহকারী শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কোচিং কক্ষে অনৈতিক ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। 

এদিকে, অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক নজরুল ইসলাম নিজস্ব পরিচালনায় একটি কোচিং সেন্টার চালাতেন। সম্প্রতি সেখানে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার আপত্তিকর আচরণের একটি ভিডিও ধারণ করা হয়। রবিবার সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগে বিষয়টি প্রাথমিকভাবে নজরে এলে গত ১৯ অক্টোবর নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে গত ২৯ অক্টোবর কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ভিত্তিতে রবিবার তাকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে অব্যাহতি ও বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নজরুল ইসলাম আমাদের বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ঘটনাটি বিদ্যালয় প্রাঙ্গণে না ঘটে তার ব্যক্তিগত কোচিং সেন্টারে ঘটলেও একজন শিক্ষকের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।"

এলাকার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।