আগৈলঝাড়ায় অসহায় নারীর ভিডব্লিউবি কার্ডের চাল তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৭:২৫ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় অসহায় নারীর ভিডব্লিউবি কার্ডের চাল তুলে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক অসহায় নারীর ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ডের অনুকূলে বরাদ্দকৃত চাল স্বাক্ষর দিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত রোজিনা বেগম উপজেলার ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভুক্তভোগী শেফালী বেগম উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা। জানা যায়, ২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর দুই কন্যাসন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন তিনি। অভাবের সংসারে সন্তানদের বাবার বাড়িতে রেখে জীবিকার তাগিদে ঢাকায় দিনমজুরের কাজ করেন শেফালী। 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দুই বছর মেয়াদি ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন শেফালী বেগম। যাচাই-বাছাই শেষে তাঁর নামে একটি কার্ড বরাদ্দ হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ডটি সংগ্রহ করেন ইউপি সদস্য রোজিনা বেগম। তবে শেফালী বেগমকে কিছু না জানিয়ে তাঁর কার্ডে স্বাক্ষর দিয়ে দুই মাসের মোট ৬০ কেজি চাল উত্তোলন করে নেওয়া হয়।

শেফালী বেগম জানান, সম্প্রতি বিষয়টি জানতে পেরে তিনি ইউপি সদস্য রোজিনা বেগমের কাছে গেলে প্রথমে চাল উত্তোলনের কথা অস্বীকার করা হয়। তবে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এলে এবং তোলপাড় সৃষ্টি হলে শেফালীকে দুই মাসের ৬০ কেজি চাল ফেরত দেওয়ার আশ্বাস দেন ওই ইউপি সদস্য। 

ক্ষোভ প্রকাশ করে শেফালী বেগম বলেন, "আমাকে না জানিয়ে আমার স্বাক্ষর দিয়ে চাল তুলে নেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ইউপি সদস্যের দৃষ্টান্তমূলক বিচার চাই।"

এদিকে স্বামীহারা এক অসহায় ও দরিদ্র নারীর ভাতার চাল এভাবে আত্মসাতের চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁরাও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রোজিনা বেগম চাল উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, "শেফালী বেগম ঢাকায় থাকায় তাঁর কার্ডের চাল দক্ষিণ শিহিপাশা গ্রামের অপর এক অসহায় নারীকে দেওয়া হয়েছিল। এটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে। যেহেতু এখন শেফালী বেগম ফিরে এসেছেন, তাই তাঁর চাল তাঁকে ফেরত দেওয়া হবে।"

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "একজনের নামে বরাদ্দ করা ভিডব্লিউবি কার্ডের চাল অন্য কারও তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি সদস্য রোজিনা বেগমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।