শ্রমিক আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
১ নভেম্বর, ২০২৬ ৫:১৯ পিএম
শেয়ার করুন:
শ্রমিক আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেলে ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিবরণ দিয়ে উপ-পুলিশ কমিশনার রাকিব খাঁন জানান, কয়েক দিন ধরেই বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। তবে শনিবার থেকে আন্দোলনটি আকস্মিক সহিংস রূপ নেয়। রোববারও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এবং মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “মূলত সাধারণ শ্রমিকদের অসন্তোষকে পুঁজি করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহিংসতা ও বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। শ্রমিকদের আন্দোলনের আড়ালে সক্রিয় থাকা অবস্থায় হাতেনাতে এমন ১১ জনকে আটক করা হয়েছে।”

নাশকতার পেছনের তথ্যের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আটককৃতরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার মূল সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। আলিফই ঢাকার বাইরে থেকে প্রায় শতাধিক নেতাকর্মীকে এনে এই আন্দোলনে সম্পৃক্ত করেন। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে রোববার সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা মিরপুরের সড়কগুলোতে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের মধ্য থেকে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।