কারাগারে নেওয়ার পথে মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্কঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম
শেয়ার করুন:
কারাগারে নেওয়ার পথে মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে গেছে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। দায়িত্বে অবহেলার অভিযোগে এক গাড়ির চালকসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, আসামি পলায়নের ঘটনায় প্রিজনভ্যানের দায়িত্বে থাকা বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও চালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুরো ঘটনা তদন্তে উপ-পুলিশ কমিশনারের (ডিসি-হেডকোয়ার্টার্স) নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালত থেকে কার্যক্রম শেষে তাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে আনা হচ্ছিল। পথিমধ্যে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজের কথা বলে শৌচাগারে যাওয়ার অনুরোধ জানায়। 

দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে, সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় রাজা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, "আদালতে হাজিরা শেষে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনার পথে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে সে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।"

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ অন্তত ২৫টি মামলা রয়েছে। চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে, তার স্ত্রী ও শ্যালকসহ গ্রেপ্তার করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।