না খেলেই সেমিফাইনালে ভারত

অনলাইন ডেস্কঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৮ পিএম
শেয়ার করুন:
না খেলেই সেমিফাইনালে ভারত

বৃষ্টির কারণে মাঠে এক বলও গড়ায়নি। টস করাও সম্ভব হয়নি। তবে নিয়মের সুবিধা পেয়ে কোনো ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, মাঠে লড়াইয়ের সুযোগ না পেয়েই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো আফগানিস্তানকে। 

সোমবার জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে শেষ আটের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই টানা বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড সম্পূর্ণ খেলার অনুপযোগী হয়ে পড়ে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এশিয়ান গেমসের প্লে-অফ বা নকআউট পর্বের নিয়মানুযায়ী, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পায়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। বিপরীতে আফগানিস্তানের অবস্থান দশম। ফলে নিয়ম অনুযায়ী কোনো বল মাঠে না গড়িয়েই শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সুবিধার কারণে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। ফলে সেমিফাইনালে উঠে গেলেও টুর্নামেন্টে এখনও মাঠে নামার সুযোগ হয়নি ভারতীয় ক্রিকেটারদের। আগামী ১ অক্টোবর সেমিফাইনালে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে ভারত।

এদিকে বৃষ্টির প্রভাব পড়েছে নকআউট পর্বের অন্য ম্যাচেও। একই কারণে হংকংয়ের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে পাকিস্তানও। দুই দলই শেষ চারে পৌঁছে যাওয়ায় ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের পথও উন্মুক্ত রইল। নিজ নিজ সেমিফাইনালে দুই দল জিতলে স্বর্ণের লড়াইয়ে, আর দুই দলই হারলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।