ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১ নভেম্বর, ২০২৬ ১১:৩৩ এএম
শেয়ার করুন:
ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদ-নদীতে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী টানা ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ সফলভাবে সম্পন্ন হয়। ওই সময়ে ডিম ছাড়া মা ইলিশ থেকে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাগুলোতে বিচরণ করছে। জীবনের প্রাথমিক পর্যায়ে (৫ থেকে ৮ মাস) এসব পোনার নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ দিতেই এ দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাটকা রক্ষা করা সম্ভব হলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পাবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন’ অনুযায়ী এ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে সাগর ও নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সার্বক্ষণিক মাঠে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।