চরভদ্রাসনে জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ২০ যুবকের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
১ নভেম্বর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ২০ যুবকের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন সরকার এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহীদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা এবং উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন যুবকের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মোট ২১ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।