‘বিএনপির আমলে সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচে’: শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১০:২১ পিএম
শেয়ার করুন:
‘বিএনপির আমলে সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচে’: শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই দেশের সব ধর্মের মানুষ সমঅধিকার ও পূর্ণ নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সাহাপাড়া দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “গত বছর ও এবারের পূজার মধ্যে বড় ধরনের গুণগত পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছি। জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।” 

গত বছরের দুর্গাপূজার স্মৃতিচারণ করে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে গত বছর বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে রাত জেগে পাহারা দিয়েছেন। আর এবার মানুষ সম্পূর্ণ ভীতিহীন ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করছেন। বিগত সরকারের আমলের তুলনায় বর্তমান সরকার পূজায় বরাদ্দও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, “গত ১৭ বছর দেশের মানুষ এক চরম বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করেছে। তবে এবার সব ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গোৎসবে শামিল হয়েছে—এটাই বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে এই সম্প্রীতির মেলবন্ধন আমাদের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা ১৮ কোটি মানুষের অধিকার সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। আপনারা যে ধর্মের বা বর্ণের মানুষই হোন না কেন, সবাই এ দেশে সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমাদের সরকার ‘সংখ্যালঘু’ শব্দটিতে বিশ্বাস করে না; এ দেশের প্রতিটি নাগরিকই সমান।”

বক্তব্যে নিজের বাবা ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, তাঁর বাবাও আজীবন সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি লালন করেছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দলের ভেতরে কোনো ধরনের কোন্দল বা গ্রুপিং বরদাশত করা হবে না। সবাইকে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্যসচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।