চরভদ্রাসনে নিরাপদ অভিবাসন নিশ্চিতে ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৮:৪৪ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে নিরাপদ অভিবাসন নিশ্চিতে ব্যতিক্রমী পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা

ফরিদপুরের চরভদ্রাসনে বিদেশগামীদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যতিক্রমী এক পথনাট্য ও সাংস্কৃতিক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওকাপ (OKUP) ও ক্লেইম (CLAIM) প্রকল্পের যৌথ উদ্যোগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে পদ্মা নদীর তীরবর্তী মনোরম পরিবেশে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে গান ও পথনাট্যের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে নিরাপদ অভিবাসন, অভিবাসী শ্রমিকদের অধিকার, সঠিক নিয়মে বিদেশ গমন এবং দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার নানা দিক তুলে ধরা হয়। এতে অংশ নেন ওকাপ-এর ফিল্ড অফিসার রেজাউল করিম ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিন্দু বন্ধুসহ সংগঠনের অন্যান্য কলাকুশলীবৃন্দ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানস্থলটি পদ্মার পাড়সংলগ্ন মিনি পার্কের মতো হওয়ায় প্রতিদিন বিকেলে এখানে চরভদ্রাসনসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা ঘুরতে আসেন। এছাড়া ঘাট দিয়ে চলাচলকারী সাধারণ পথচারীদের পদচারণায় এলাকাটি সবসময় মুখর থাকে। সেই জনসমাগমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা সহজে পৌঁছে দিতেই উন্মুক্ত স্থানে এই পথনাট্য ও গানের আসরের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এ পরিবেশনা উপভোগ করেন।

সংশ্লিষ্টদের মতে, বিনোদনের মাধ্যমে তথ্য তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ। এর মাধ্যমে শুধু বিদেশগামীরাই নন, তাঁদের পরিবার ও সাধারণ মানুষও সঠিক তথ্যের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। সচেতনতা বাড়লে একদিকে যেমন প্রতারণা ও হয়রানি কমবে, অন্যদিকে বৈধ ও নিরাপদ পথে বিদেশে যাওয়ার আগ্রহ তৈরি হবে।

জনস্বার্থে পরিচালিত এমন সৃজনশীল আয়োজন স্থানীয়দের মাঝে ইতিবাচক সচেতনতা তৈরিতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও দর্শকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।