হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৪ লাখ টাকার লাল চিনি জব্দ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১০:১৮ পিএম
শেয়ার করুন:
হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৪ লাখ টাকার লাল চিনি জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি (১৫ মেট্রিক টন) লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও (নৌযান) জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ চিনি পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে হাতিয়ার টাংকি খালসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানকালে একটি সন্দেহভাজন স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি পাওয়া যায়। পরে চিনিসহ নৌযানটি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা লাল চিনি ও ল্যান্ডিং ক্রাফটটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের রাজস্ব সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।