টাকার অভাবে আটকে যাচ্ছিল ভর্তি: নোবিপ্রবিতে শিক্ষার্থীর পাশে দাঁড়াল ‘সাদা দল’

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
১৬ জুলাই, ২০২৬ ১১:০৬ পিএম
শেয়ার করুন:
টাকার অভাবে আটকে যাচ্ছিল ভর্তি: নোবিপ্রবিতে শিক্ষার্থীর পাশে দাঁড়াল ‘সাদা দল’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্থিক সংকটের কারণে এক নবীন শিক্ষার্থীর ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রয়োজনীয় অর্থের অভাবে যখন তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। সংগঠনটির আর্থিক সহযোগিতায় শেষ পর্যন্ত ওই শিক্ষার্থী তাঁর ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি হতে আসা ওই শিক্ষার্থীর চরম আর্থিক অসচ্ছলতার বিষয়টি প্রথমে নজরে আসে নোবিপ্রবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ হৃদয়ের। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত সাদা দলের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাইয়ুম মাসুদকে অবহিত করেন। ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ফি পরিশোধ করতে না পারায় শিক্ষার্থীটি তখন চরম দুশ্চিন্তায় দিন পার করছিলেন।

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন সাদা দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মাসুদ। এ বিষয়ে তিনি বলেন, “টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর ভর্তি আটকে যেতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ থেকে বিষয়টি জানানোর পর আমরা দ্রুত পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। এটি কেবল সাদা দলের প্রতিনিধি হিসেবে নয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবেও আমাদের নৈতিক দায়িত্ব ছিল। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীটি নির্বিঘ্নে তাঁর ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে।”

তিনি আরও যোগ করেন, “অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থমকে না যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। নোবিপ্রবি সাদা দলের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাব।”

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের মতে, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আর্থিক সংকট অনেক মেধাবী শিক্ষার্থীর জন্যই বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এমন সংকটকালীন মুহূর্তে শিক্ষক বা সংগঠনের এমন মানবিক উদ্যোগ একজন শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নোবিপ্রবি সাদা দলের এই উদ্যোগকে মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন সবাই। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে আরও কার্যকর সহায়তা তহবিল বা জরুরি সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন মাঝপথে বাধাগ্রস্ত না হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।