মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন: উপকূলবাসীর মধ্যে স্বস্তি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ এএম
শেয়ার করুন:
মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন: উপকূলবাসীর মধ্যে স্বস্তি

নোয়াখালীর উপকূলবাসীর বহু প্রতীক্ষিত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। 

প্রকল্পটি অনুমোদনের খবর এলাকায় পৌঁছালে উপকূলীয় জনপদে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলীয় নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে এ প্রকল্পটি সময়োপযোগী এক পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে ছোট ফেনী ও বামনী নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদে নদীভাঙন রোধের পাশাপাশি নিয়মিত বন্যা ও স্থায়ী জলাবদ্ধতার টেকসই সমাধান মিলবে।

প্রকল্পটির অনুমোদন প্রসঙ্গে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সাল বলেন, “প্রকল্পটির কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করা গেলে উপকূলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান হবে। নদীভাঙন ও বন্যার ঝুঁকি কমার ফলে এই অঞ্চলে কৃষি, মৎস্য চাষ ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, যা সামগ্রিকভাবে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

পটভূমি:  
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট স্মরণকালের ভয়াবহ অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে অবস্থিত ২৩ ভেন্টের রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। রেগুলেটরটি ধসে পড়ার পর থেকেই ছোট ফেনী নদী ও তৎসংলগ্ন বিস্তীর্ণ নিম্নাঞ্চল নিয়মিত প্লাবিত হতে থাকে এবং ভাঙন তীব্র আকার ধারণ করে। তখন থেকেই স্থানীয় জনগণ রেগুলেটরটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ ও সমন্বিত নদী ব্যবস্থাপনার জোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সরকারের এই মেগা প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে উপকূলবাসীর দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়নের পথে এগোলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।