নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পাইপ বিনষ্ট

স্টাফ রিপোর্টারঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০১ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পাইপ বিনষ্ট

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল হাসান।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বেতাল গ্রামে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নদী ও কৃষিজমি থেকে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার  দুপুর ২টার দিকে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারের দীর্ঘ পাইপলাইন ঘটনাস্থলেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও ফসলি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারি নির্দেশ অমান্য করে যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। 

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।