চরভদ্রাসনে জাতীয় যুব দিবস পালিত: ২০ তরুণ-তরুণী পেলেন যুব ঋণের চেক

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
২ নভেম্বর, ২০২৬ ১১:৩২ এএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে জাতীয় যুব দিবস পালিত: ২০ তরুণ-তরুণী পেলেন যুব ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জন সফল ও উদীয়মান যুবক-যুবতীর মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দক্ষ যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে দক্ষ ও বাস্তবমুখী প্রশিক্ষণে গড়ে তোলার কোনো বিকল্প নেই। যুবকদের স্বাবলম্বী করতে সরকার নানা ধরনের সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সফর আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাফায়েত উল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও ওবায়দুল বারী খান দিপু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন, আবুল কালাম, আব্দুস সালাম, লিয়াকত আলী, সাইফুর রহমান, মোস্তফা কামাল ও সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ২০ জন সম্ভাবনাময় ও সফল যুবক-যুবতীর হাতে যুব ঋণের চেক তুলে দেন অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।