ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী: নিবন্ধনের সময় বাড়ল ১০ নভেম্বর পর্যন্ত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম
শেয়ার করুন:
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী: নিবন্ধনের সময় বাড়ল ১০ নভেম্বর পর্যন্ত

ঐতিহ্যবাহী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয় এবং নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ অক্টোবর ছিল নিবন্ধনের শেষ দিন। তবে দেশ-বিদেশে থাকা বহু প্রাক্তন শিক্ষার্থীর ব্যাপক আগ্রহ ও আবেদনের পরিপ্রেক্ষিতে উদযাপন কমিটি সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে থাকছে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের প্রথম দিন সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু, পাগলা বাবলুসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন কৃতী শিল্পীরা। আর দ্বিতীয় দিনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘মাইলস’। এছাড়া উদীয়মান বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনাও থাকবে।

উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. সাঈদুর রহমান (সাঈদ) ও সদস্য সচিব সৈয়দ আবদুল আউয়াল নান্না বর্ধিত সময়ের মধ্যে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক যৌথ বার্তায় তারা বলেন, “১৭৫ বছরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও শৈশবের সোনালী স্মৃতির এই মহামিলনমেলাকে স্মরণীয় করে রাখতে প্রতিটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের মূল প্রেরণা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।