সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন বিএনপির এলিজা জামান

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২ নভেম্বর, ২০২৬ ১:৫৪ পিএম
শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন বিএনপির এলিজা জামান

জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে (৩২৩ মহিলা আসন-২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। 

সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত এই আসনের উপনির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময় (২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত) একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি ও জোটের পক্ষে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।