মিরপুরে সংঘর্ষ-আগুন: চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

অনলাইন ডেস্কঃ
২ নভেম্বর, ২০২৬ ৪:৩৫ পিএম
শেয়ার করুন:
মিরপুরে সংঘর্ষ-আগুন: চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিন ধরে চলা শ্রমিক বিক্ষোভ, সংঘাত, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ছাড়া সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানার মামলা ও পরিস্থিতি:

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারও কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সহিংসতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পল্লবী থানার মামলা ও গ্রেপ্তার: 

অন্যদিকে, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে আগুন, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের অভিযোগে তাদের থানায় তিনটি পৃথক মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছে।

তিনি জানান, প্রতিটি মামলায় ২ হাজার থেকে আড়াই হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। পল্লবী থানার তিন মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানায়, আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরজুড়ে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।