কাপ্তাইয়ে কর্ণফুলীর বুকে নৌ শোভাযাত্রা ও অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায়

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২২ অক্টোবর, ২০২৬ ১১:১৭ এএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে কর্ণফুলীর বুকে নৌ শোভাযাত্রা ও অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায়

"আসছে বছর আবার এসো মা..."—ভক্তদের এই আকুল প্রার্থনা আর আনন্দ-বেদনার অশ্রুভেজা আবহে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর বিহিত পূজা, অঞ্জলি নিবেদন এবং ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠার পর বিষাদের সুরে দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে বিদায় জানিয়েছেন রাঙামাটির কাপ্তাইয়ের ভক্ত-অনুরাগীরা। 

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর ঘাটে ঘাটে নামে ভক্ত ও দর্শনার্থীদের হাজারো মানুষের ঢল। কাপ্তাইয়ের ৯টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শুভক্ষণ থাকলেও, প্রশাসনের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৩টা থেকেই বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তদের কান্নাভেজা চোখ, ঢাকের বাদ্য আর নারীদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীপাড়। বিকেল সাড়ে ৫টার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বিসর্জন পর্ব সম্পন্ন হয়।

বিসর্জনের আয়োজনকে আরও উৎসবমুখর ও বর্ণিল করতে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন সমন্বয় কমিটির উদ্যোগে কর্ণফুলী নদীতে আয়োজন করা হয় এক জমকালো ‘বিজয়া নৌ র‍্যালি’। সুসজ্জিত ইঞ্জিনচালিত বোটগুলোতে চড়ে ঢাকঢোল ও কাঁসরের তালে তালে নৃত্য-গীতে মেতে ওঠেন শত শত ভক্ত। কর্ণফুলীর বুকে নৌকার এই শোভাযাত্রা পন্টুন ও ফেরিঘাট এলাকাজুড়ে এক অপূর্ব উৎসবের আবহ তৈরি করে। বিসর্জন শেষে নদীর পবিত্র শান্তিজল গ্রহণের মাধ্যমে ভক্তরা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন।

সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার সাথে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারার পাশাপাশি জরুরি উদ্ধার প্রস্তুতিতে সার্বক্ষণিক সক্রিয় ছিল ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ ডুবুরি দল।

এর আগে পূজা ও বিসর্জন উপলক্ষে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন সমন্বয় কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং উপজেলা পূজা উদযাপন সমন্বয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়ার শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।