মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২২ অক্টোবর, ২০২৬ ১০:২৮ এএম
শেয়ার করুন:
মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মো. শাকের হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে টার্মিনালের রয়েল এক্সপ্রেসের টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। 

নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে এবং ওই কাউন্টারে মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে চড়ে দুই ব্যক্তি কাউন্টারের সামনে আসেন। তাঁদের একজন বাইরে মোটরসাইকেল স্টার্ট দিয়ে রেখে উচ্চ শব্দ তৈরি করছিলেন, আর অপরজন ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই চেয়ারে বসা অবস্থায় শাকের হোসেন হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল হাসান বলেন, "শাকের হোসেনকে যখন আনা হয়, তখন প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হয়েছিল। তবে পরে শরীর পরীক্ষার সময় তাঁর মাথার পেছনে একটি সরু ছিদ্রের মতো গভীর ক্ষতচিহ্ন দেখা যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"

খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। 

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, "পুলিশ ও সিআইডির বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি গুলিতে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে।"

এদিকে কর্মস্থলে বসে থাকা অবস্থায় যুবদল নেতার এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।