এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। চলতি অর্থবছর থেকেই এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।
বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে জেলা পরিষদের নবনির্মিত চারতলাবিশিষ্ট আধুনিক ভবনের উদ্বোধন এবং বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫ জন নারীর মাঝে সনদ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সিনিয়র সচিব বলেন, "বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকারের অর্থের কোনো সংকট নেই। জেলা পরিষদ, পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্পের সঙ্গে বৃক্ষরোপণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শুধু চারা রোপণ করলেই চলবে না, গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, সেজন্য পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
খেলাধুলার পরিবেশ ও মাঠ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান মাঠের পাশাপাশি নতুন করে আরও একটি খেলার মাঠ নির্ধারণের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রতিটি উপজেলা ও জেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মাঠ তৈরি করা হবে, যেখানে গ্যালারি ও সুইমিং পুলের মতো সুবিধাও থাকবে। সরকারের পরিকল্পনা রয়েছে এসব মাঠকে পরবর্তীতে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়ার।
গ্রামীণ অবকাঠামো ও বাজারব্যবস্থা নিয়ে সচিব আরও বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পান এবং সহজে তা বাজারজাত করতে পারেন, সে লক্ষ্যে গ্রামীণ যোগাযোগব্যবস্থা, পরিবহন এবং গ্রামীণ হাটবাজারের আধুনিকায়নে সরকারের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে।
মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল বারেক হাওলাদার এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় অন্যান্যের মধ্যে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী, সদস্যসচিব মো. সোহেল রানা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।