কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
২২ অক্টোবর, ২০২৬ ১০:৩৭ এএম
শেয়ার করুন:
কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

মাদারীপুরের কালকিনিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে জামাল আকন (৫৮) নামের এক কৃষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাজনৈতিক দলভুক্ত হতে রাজি না হওয়ায় তাঁর ওপর এ নৃশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আহত জামাল আকন উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একই এলাকার অসুস্থ গ্রাম পুলিশ (চৌকিদার) শহিদুলকে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান কৃষক জামাল আকন। চিকিৎসা শেষে রাতে তাঁরা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উত্তর আন্ডারচর এলাকার হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা জামাল আকনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তাঁর দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।

পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আহতের মেয়ে লিমা অভিযোগ করেন, "আমার বাবার সঙ্গে যা ঘটেছে, তার মূল পরিকল্পনাকারী চৌকিদার শহিদুল। কারণ রাতে শহিদুলই বাবার সঙ্গে ছিলেন। আমার বাবা বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সুমনের দলে যোগ না দেওয়ায় চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে বাবার দুই পায়ের রগ কেটে দিয়েছে।"

তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ শহিদুল বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না, আর কিছুই বলতে পারব না।"

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, "কৃষকের ওপর হামলা ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।