সদরপুরে পদ্মায় মা ইলিশ শিকার: ২ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
২১ অক্টোবর, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন:
সদরপুরে পদ্মায় মা ইলিশ শিকার: ২ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকারের দায়ে ফরিদপুরের সদরপুরে দুই জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদী থেকে উদ্ধার হওয়া প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার দিনব্যাপী সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।

আটককৃত জেলেরা হলেন—আলাউদ্দিন (পিতা: রজব আলী মৃধা) এবং রমজান (পিতা: রব মোল্লা)। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই জেলেকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন। 

অভিযানকালে নদী থেকে জব্দকৃত প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল নদীর তীরবর্তী এলাকায় জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে সরকারঘোষিত এ নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।