ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। 

এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সহ-সভাপতি পান্না বালা, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর।

সভায় জেলার সরকারি তথ্য বাতায়নের হালনাগাদ পরিস্থিতি নিয়ে একটি ফলোআপ জরিপের ফলাফল উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. গোলাম মোস্তফা। জেলার ৭৬টি দপ্তরের ওয়েবসাইটের সাতটি বিষয়ের ওপর পরিচালিত এ জরিপে দেখা যায়, গত বছরের তুলনায় চলতি বছর তথ্য হালনাগাদের হার হ্রাস পেয়েছে। জরিপের তথ্যমতে, ১৭টি প্রতিষ্ঠানে তথ্য হালনাগাদের হার বাড়লেও ৩৪টি প্রতিষ্ঠানে তা কমেছে এবং ৩৩টি প্রতিষ্ঠানে অপরিবর্তিত রয়েছে।

আলোচনা সভায় বক্তারা ‘তথ্য অধিকার আইন-২০০৯’-এর যথাযথ বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ এবং সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি সহজ করার ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি বর্তমান ডিজিটাল যুগে অপতথ্য, গুজব ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্ভর বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, "তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চাওয়া এবং প্রদানের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।" একই সঙ্গে তথ্য চাওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বজায় রাখার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।