স্ত্রীকে ভারতে পাচারের মামলায় ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৬ পিএম
শেয়ার করুন:
স্ত্রীকে ভারতে পাচারের মামলায় ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে নিজের স্ত্রীকে ভারতে পাচারের দায়ে জাহিদ শেখ (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাহিদ পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট আইনের অপর একটি ধারায় আসামিকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেন। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক নারীর সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার এক যুবকের বিয়ে হয়। তবে কয়েক মাসের মাথায় তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ওই নারীর সঙ্গে জাহিদ শেখের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে ওই নারীকে ঢাকায় নিয়ে যান জাহিদ এবং সেখানে তাঁকে বিয়ে করেন।

অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পরই স্ত্রীকে কৌশলে ভারতের কেরালা রাজ্যে পাচার করে দেন জাহিদ। সেখানে অবৈধভাবে অবস্থানের কারণে স্থানীয় পুলিশের হাতে আটক হন ওই নারী। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও এক আইনজীবীর সহযোগিতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ৫ মার্চ ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে জাহিদ শেখসহ ছয়জনের বিরুদ্ধে মানব পাচার দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।