নগরকান্দায় ৬৩টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন, শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২১ অক্টোবর, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ৬৩টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন, শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা শুরুর দিন থেকে শুরু করে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ বজায় ছিল। 

পূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠে তৎপর ছিলেন সাদা পোশাকের গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। একই সঙ্গে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক মাঠপর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছিল। ফলে কোথাও কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদ্‌যাপন এবং প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, “এ বছর উপজেলায় ৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দিকনির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে দিনরাত প্রতিটি মণ্ডপের সার্বিক পরিস্থিতি তদারকি করা হয়েছে। প্রতিমন্ত্রী নিজেও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে খোঁজখবর নিয়েছেন। সবার সমন্বিত প্রচেষ্টায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।”

এদিকে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, “ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় সজাগ দৃষ্টি রেখেছিলেন। আমরা দিনরাত সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম। ফলে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্ভয়ে ও পূর্ণ স্বাধীনতায় আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পেরেছেন।”

প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির কারণে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হওয়ায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।