কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

জাহিদ (কালকিনি) মাদারীপুর প্রতিনিধিঃ
২২ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে পাল্টা হামলায় তাইজুল সরদার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে। পুলিশের দাবি, তাইজুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে আহতরা হলেন—আলীনগরের মোতালেব চৌকিদারের দুই ছেলে মহসিন চৌকিদার ও জহির চৌকিদার এবং সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে আল আমিন সরদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে বসে মহসিন ও জহিরসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকে করে বোরকা পরিহিত একদল দুর্বৃত্ত সেখানে পৌঁছে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং জহির ও মহসিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

হামলার পরপরই মিলন সরদারের নেতৃত্বে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে। একপর্যায়ে হামলাকারী তাইজুল ও আল আমিনকে ধরে পাল্টা কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুই ভাই মহসিন ও জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদারের অভিযোগ, “সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের নির্দেশেই ১০-২০ জন মিলে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িত মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।”

অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য বিস্তার কিংবা পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।