মাদারীপুরে জব্দ হওয়া ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি, রাজস্ব আয় পৌনে ৬ লাখ টাকা

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৪০ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে জব্দ হওয়া ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি, রাজস্ব আয় পৌনে ৬ লাখ টাকা

মাদারীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা ১০ হাজার কেজি (১০ টন) নিষিদ্ধ অবৈধ পলিথিন প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে জেলা প্রশাসন। এতে সরকারের রাজস্ব কোষাগারে জমা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার টাকা। 

রোববার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের পেছনের চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির এবং পরিবেশ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের উপস্থিতিতে নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব পলিথিন হস্তান্তর করা হয়। 

প্রশাসন সূত্রে জানা যায়, পলিথিন বিক্রির জন্য পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউস’ ৫ লাখ ৬৭ হাজার টাকায় পলিথিনগুলো কিনে নেয়। প্রতিষ্ঠানটি নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পর রোববার হস্তান্তরের কাজ শুরু হয়। এর আগে ওজন নিশ্চিত করতে বস্তা থেকে পলিথিন বের করা হয় এবং পরবর্তীতে যাতে এগুলো কেউ সরাসরি বাজারজাত করতে না পারে, সেজন্য সব পলিথিন কেটে ছোট ছোট টুকরো করে ঠিকাদারের প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, “পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সময় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশনা মেনে রাষ্ট্রীয় স্বার্থে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এগুলো নিলামের ব্যবস্থা করে।” 

তিনি আরও জানান, “নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠান এই টুকরো পলিথিনগুলো বিশেষ প্রযুক্তির সাহায্যে প্রক্রিয়াজাত (রিসাইকেল) করে পুনরায় ব্যবহারযোগ্য কাঁচামাল বা নতুন পণ্যে রূপান্তর করবে—এমন শর্ত মেনেই তাদের কাছে এটি হস্তান্তর করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।